প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
মধুপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন মধুপুর উপজেলার মো. আরিফ (২৩) ও মো. রুবেল (২৩)।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ মে রাতে মধুপুরে ওই গৃহবধূর স্বামীর হাত-পা বেঁধে তাকে জোরপূর্বক নিয়ে যান আরিফ ও রুবেল। পরে তারা ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার বিচারকাজে মোট আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য ও মামলার অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া আদালত আসামিদের স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে পাওয়া অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ